কলেজে পড়া আর হলো না ইস্রাফিলের। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আট দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মো: ইস্রাফিলের (১৭)। মঙ্গলবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গত ২২ জানুয়ারি দুপুরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার চরলরেন্স এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় মো: ইস্রাফিল।

ইস্রাফিল এবার স্থানীয় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পাশ করে। সে তোরাবগঞ্জের পাশের চরউভূতি গ্রামের মো: হেঞ্জু মিয়ার ছেলে।

তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো: হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইস্রাফিলের হাজিরহাট উপকূল সরকারি কলেজের এইচএসসিতে ভর্তির প্রক্রিয়া চলছিল।

তিনি আরো জানান, গত ২২ জানুয়ারি দুপুরে কলেজ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে লরেন্স বাজারের দক্ষিণ পাশে পৌঁছলে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।