নরসিংদীর মনোহরদীতে কলাক্ষেত থেকে পঞ্চমণি দাস (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিত্তিবাসদী গ্রামের আড়াল-রথতলা সড়কের পাশের একটা কলাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পঞ্চমণি দাস একই ইউনিয়নের কোচেরচর গ্রামের নিরতমণি দাসের ছেলে।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পঞ্চমণি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তার মোবাইলে পরিবারের সদস্যরা বেশ কয়েকবার কল করে তা বন্ধ পায়। পরে শুক্রবার সকালে সড়কের পাশে একটা কলাক্ষেতে তার লাশ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



