নরসিংদীর বেলাব উপজেলায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে মো: ইয়াসিন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় উপজেলার বেলাব বাজারের কাছে আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইয়াসিন কিশোরগঞ্জ জেলার বত্রিশ গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে নরসিংদীর বেলাব উপজেলার বেলাব মাটিয়ালপাঁড়া গ্রামে তার নানা রইছ উদ্দীনের বাড়িতে থাকত।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে শিশু ইয়াসিন তার বয়সী কয়েকজন ছেলের সাথে নদে থাকা একটা ভাঙ্গা ডিঙ্গি নৌকায় করে নদীর মাঝে গিয়ে নৌকা থেকে গোসলের জন্য ঝাঁপ দেয়। এরপরই শিশুটি পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা তল্লাশি চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হয়ে টাঙ্গাইল থেকে ডুবুরি দল খবর দেয়। খবর পেয়ে বেলাব ফায়ার সার্ভিস ও বেলাব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বেলাব ফায়ার সার্ভিস অফিসের স্টেশন মাস্টার মো: ইয়াসির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শিশুটিকে না পেয়ে ডুবুরির দল খবর দেয়া হয়েছে। তারা এলে নদে তল্লাশি চালানো হবে।’