নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে হাতিরদিয়া বাজারের সাখাওয়াত হোসেনের মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মার্কেটের আবদুল লতিফের জুতার দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে মার্কেটের অবস্থা ভয়াবহ হয়ে ওঠে।
ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে মনোহরদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ৭টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সাথে নরসিংদী জেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও শিবপুরের একটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ দিকে আগুনে সাখাওয়াত হোসেনের হার্ডওয়ারের দোকান, রনি ইসলাম, রিফাত, আমান উল্লাহ, আনাছ মিয়া, বাদশা মিয়া, আবদুল লতিফের জুতার দোকান আর একটি মুদির দোকান পুড়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, ওসি ফরিদ উদ্দিন ও একদুয়ারিয়া ইউপি চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক।
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। জুতার দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ১০টি দোকানের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমরা কোটি টাকার মালামাল উদ্ধারে সক্ষম হয়েছি।