পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের অপসারণসহ ৭ দফা দাবি আদায়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের আন্দোলন ভণ্ডুল করার উদ্দেশ্যে রেজিস্ট্রার কামরুল ইসলামের সমর্থনকারীরা এ হামলা চালিয়েছে। তাদের মাইক ভাঙচুর করাসহ তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে। তবে যতই বাধা আসুক তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের ভেতরে ও বাইরে তিন ভাগে বিভক্ত হয়ে কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছেন ও পরস্পরবিরোধী স্লোগান দিচ্ছেন। যেকোনো মুহূর্তে তাদের ফের সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ দিকে কর্মকর্তা-কর্মচারীদের টানা কর্মবিরতিতে স্থবির পবিপ্রবির কার্যক্রম।
সহকারী রেজিস্ট্রার পদের স্কেল ষষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার পদের স্কেল চতুর্থ গ্রেডে উন্নীত করা, প্রশাসনের গুরুত্বপূর্ণ দফতরে কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তাদের সরানো, অভিন্ন নীতিমালা প্রণয়নে কমিটি আপডেট করা, অর্গানোগ্রাম কমিটিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাখা ও বর্তমান রেজিস্ট্রারের অপসারণের দাবিতে গত ৩০ জানুয়ারি থেকে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।