জেলেদের বরাদ্দকৃত চাউল জোর করে নেয়ার চেষ্টা করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও জনগণের তোপের মুখে পালিয়ে গেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো: বাচ্চু মিয়া ওরফে মইজাল বাচ্চু। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে জাটকা (ইলিশ মাছের পোনা) ধরা বন্ধের সময় বেকার কার্ডধারী প্রতিটি জেলে পরিবারের জন্য দুই পর্বে ৪০ কেজি করে ৮০ কেজি চাল বিতরণের সময় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
দৌলতপুর উপজেলা খাদ্য গুদামের সামনে চাল বিতরণের সময় বাঘুটিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বাচ্চু শেখ তার নিজস্ব বাহিনী নিয়ে চেয়ারম্যান-মেম্বারদের কাছে চাল দাবি করে। স্থানীয় চেয়ারম্যান মো: আমজাদ হোসেন ও মেম্বাররা তাকে চাল দিতে অস্বীকার করলে বাচ্চু তাদের দেখে নেয়ার হুমকি দেয় বলে জানান চেয়ারম্যান মো: আমজাদ হোসেন। একপর্যায়ে চাল নিতে আসা জেলেরা ও স্থানীয় জনতা বাচ্চুকে ধাওয়া করলে বাচ্চু তার বাহিনী নিয়ে পালিয়ে যান।