লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের হোটাটিয়া গ্রামের পাটোয়ারী বাড়িতে হামলার ঘটনাটি ঘটে।
শনিবার সকালে বিল্লাল পাটোয়ারী বলেন, শুক্রবার রাতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৩০-৩৫টি মোটরসাইকেলযোগে একযোগে হামলা চালিয়ে তাণ্ডব শুরু করে। তারা আমার মোটরসাইকেল, দুইটি ফ্রিজ, বেসিন, আলমারি ও শো-কেইসে ভাংচুর চালায়। এ সময় ঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
তবে আরেকটি সূত্র বলছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে বিল্লাল পাটোয়ারীর বাড়িতে হামলার ঘটনা হতে পারে। বিল্লাল পাটোয়ারী
ইউনিয়ন বিএনপির রাজনীতিকে চাঙ্গা করতে গত কয়েক বছর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে একটি মহল চরম ক্ষুব্ধ। এ ঘটনার জেরেই ভাড়া করা সন্ত্রাসী দিয়ে ক্ষব্ধরা হামলার ঘটনা ঘটাতে পারে।
ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূইয়া জানান, রাজনীতি হবে রাজপথে। অথচ সন্ত্রাসী কায়দায় বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা কাপুরুষতার লক্ষণ। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আর আমাদের দলীয় কোনো কোন্দল নেই। একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে।
এদিকে হামলা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিএনপির অন্যতম শরীক দল এলডিপির কেন্দ্রীয় মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি এ সময় সাংবাদিকদের জানান, সারাদেশে বিএনপি ও শরীক দলগুলো যখন গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ আন্দোলনে যথেষ্ট সাড়া জাগাতে সক্ষম হয়েছে, তখন ক্ষমতাসীন দল আন্দোলন নস্যাৎ করতে সন্ত্রাসী কায়দায় হামলা ভাংচুর ও লুটপাট করে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান মোঃ সোহেল রানা জানান, আমি লজ্জিত এমন ঘটনায়। আমার ইউনিয়নে এ ধরনের ঘটনায় ক্ষমা প্রার্থনা করছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা উচিৎ।
রামগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাম্মেল হোসেন মজু জানান, আমি অসুস্থ। গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। আমি বিষয়টি জানতে পেরেছি। এ ধরনের ঘটনায় বিএনপি অবশ্যই আইনি ব্যবস্থা নেবে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক জানান, আমি এ ধরনের ঘটনার কিছুই জানি না। আমাকে কেউ জানায়নি ঘটনাটি। তবে এটা জানি বিএনপি ও আওয়ামী লীগের দলীয় কর্মসূচি রয়েছে।



