নীলফামারিতে পৃথক অভিযান চালিয়ে ২০টি সোনার বার ও পাঁচ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

শনিবার সকালে জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়

অভিযানে রংপুর-দিনাজপুর মহাসড়কে ঢাকা থেকে আগত দুটি নৈশকোচে অভিযান চালিয়ে এসব জব্দ ও জড়িত দুই নারীসহ চারজনকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির আভিযানিক দল কামারপুকুর বাজারের অদূরে কেন্দ্রীয় শ্মশানঘাট-সংলগ্ন সুরেশ সিংহানিয়ার স্কেলঘরের সামনে মহাসড়কে সকাল ৮টায় নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় কল্যাণপুর থেকে আসা ঠাকুরগাঁওগামী দুই যাত্রীর কাছ থেকে ১৫টি স্বর্ণের বার জব্দ করে এবং তাদের আটক করে।

আটক সোনা চোরাচালানকারীরা হলেন মানিকগঞ্জ জেলার সিংঙ্গাইরের সমন আলীর ছেলে আব্দুর রহিম (২৫) ও একই এলাকার নুরুলের ছেলে মোহাম্মদ উল্লাহ (২৬)। পরে থানায় তল্লাশিকালে মোহাম্মদ উল্লাহর কাছ থেকে আরো পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। এগুলো তাদের কোমরে পলিথিন দিয়ে মোড়ানো ছিল। উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ৬৫০
গ্রাম এবং মূল্য প্রায় দুই কোটি টাকা।

অপরদিকে সকাল ৯টায় একইস্থানে পৃথক অভিযানে পঞ্চগড়গামী নৈশকোচ সাগরিকা পরিবহনের দুই নারী যাত্রীকে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসি। এই ঘটনায় ওই নারীদ্বয়কে আটক করা হয়।

আটককৃতরা হলেন বাঘেরহাটের শরণখোলা উপজেলার খন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালীর রুহুল আমিন আকনের স্ত্রী হাবিবা (৩৫) ও পঞ্চগড় সদরের জালাসী এলাকার মৃত খলিলুর রহমানের স্ত্রী সুমি
(৩২)।

অভিযানে নেতৃত্ব দেয়া নীলফামারী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো: শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল উদ্ধার ও অপরাধীদের আটক করা হয়। পরে জব্দ মালসহ আসামিদের সৈয়দপুর থানায় হস্তান্তর পূর্বক পৃথক দুটি মামলা করা হয়েছে।