বরগুনার বামনায় প্রান্তিক কৃষকের মধ্যে সরকারের ভর্তুকি মূল্যে বিতরণকৃত কম্বাইন্ড হারভেস্টার মেশিন কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ডিগ্রি কলেজ সড়কে কালোবাজারে বিক্রি করা একটি হারভেস্টার ট্রাকে তোলার সময় এলাকাবাসী হাতেনাতে আটক করে। পরে বামনা থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ এসে মেশিনসহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, উপজেলার রামনা ইউনিয়নের ফেরদৌসের নামে হারভেস্টার মেশিনটি বরাদ্দ দেয় কৃষি অফিস। মাত্র ৯ লাখ টাকা চুক্তিতে মেশিনটি কেনেন তিনি। কৃষি অফিস থেকে চাবি সংগ্রহ করে রাতে মেশিনটি চালিয়ে কলেজের সামনে নিয়ে আসেন তার চালক। পরে সেখান থেকে এটি মেটাল কোম্পানির স্টিকারযুক্ত একটি ট্রাকে তোলা হয়। এ সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করেন।
মেটাল কোম্পানির বরগুনা জেলার টেরিটোরি কর্মকর্তা মাসুদ বলেন, মেশিনটি ঢাকা অফিসে নিয়ে যাওয়া হবে। কাস্টমার নেবে বলে কথা ছিল, কিন্তু তিনি না নেয়ায় এটি ফিরিয়ে নেয়া হচ্ছিল। কম্বাইন্ড হারভেস্টারটির ক্রেতা ফেরদৌস বলেন, আমি জায়গা জমি বিক্রি করে মেশিনটি কিনেছি। বামনায় ধান কাটার জায়গা নাই বিধায় মেশিনটি পাবনায় পাঠাচ্ছিলাম।
বামনা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দু’টি হারভেস্টার কোম্পানি এসিআই ও মেটাল এই ভর্তুকি মূল্যে হারভেস্টার দিয়ে থাকে। কোম্পানি থেকে এটি কিনতে গেলে ৩০ লাখ টাকার বেশি দাম রয়েছে। অথচ সরকার ভর্তুকি দিয়ে সেই মেশিন মাত্র ৯-১০ লাখ টাকায় বিতরণ করে। শুধু তাই নয়, মেশিনটি পেতে সহজ কিস্তর সুবিধাও রয়েছে। ২০২১ সাল থেকে এ পর্যন্ত বামনা উপজেলায় ৯০টির অধিক কম্বাইন্ড হারভেস্টার বিতরণ হয়েছে।
এ ব্যাপারে জানতে বামনা উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।