রাঙ্গামাটি কাউখালীতে ইটবোঝাই চান্দের গাড়ি (জিপ) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু‘জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি চট্টগ্রাম সড়কের রানিরহাট কাউখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি বাজার এলাকার আব্দুল বাতেনের ছেলে ব্যবসায়ী মো: মাসুদ (৪২) ও সিএনজিচালক রাঙ্গুনীয়ার বগাবিলী এলাকার রছম আলীর ছেলে মো: আজিম উদ্দিন।
আহত ব্যক্তিরা হলেন কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার, ফারুকের মেয়ে ফারহানা আক্তার ইতি (২৪), ব্যবসায়ী সারোয়ারের মেয়ে আরপিনা সরকার প্রিয়া (২২), রাগুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিল এলাকার বেছন আলীর ছেলে মো: আজিম, কক্সবাজার রামু উপজেলার ফারুক আহমেদের ছেলে এলাহী বকস।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. ফরিদা বিনতে রহমান জানান, স্থানীয়রা আহতাবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পথে মো: মাসুদ নামে একজন মারা যান। এছাড়া পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় এখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী জানান, রাঙামাটি চট্টগ্রাম সড়কের রানিরহাট কাউখালী রাস্তার মাথায় চান্দের গাড়ি (জিপ) ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। পাঁচজন গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক চান্দের গাড়ির ড্রাইভার পালিয়ে গেছে।



