পটুয়াখালীর জেলার কুয়াকাটার ঝাউবন থেকে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আবুল খায়ের।
খন্দকার আবুল খায়ের জানান, ওই যুবকের প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ২২ বছর, নাম মো: বিল্লাল মিয়া। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার উত্তর বিল ডাউলী এলাকার মো: পান্নু মিয়া ফরাজির ছেলে।
তিনি আরো জানান, বিকেল থেকে উড়ো খবর ছড়িয়ে পড়ে যে কুয়াকাটার ঝাউবনে একটি লাশ ঝুলতেছে। এমন খবরে পুলিশ তল্লাশি চালিয়ে সন্ধ্যা দিকে বাগানের গহীনে ঝাউগাছের সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশটি দেখতে পায়।
আবুল খায়ের বলেন, ‘পরিচয়পত্র পেয়ে আমরা সাথে মানিকগঞ্জ সদর থানায় জানিয়েছি। লাশের পচন ধরায় স্বাভাবিকভাবে কিছু বোঝা যাচ্ছে না। শরীরে কোনো আঘাতের চিহ্ন কিংবা গাছের ডালপালা ভাঙ্গার কোনো আলামত দেখা যায়নি। আবার অত বড় গাছে একা একা গলায় ফাঁস লাগানো, বাগানের অতদূরে একা যাওয়াও অনেকের পক্ষে প্রায় অসম্ভব। আমরা সবকিছুই অনুসন্ধান করছি। তার প্যান্টের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া গেছে, যেটি চার্জের অভাবে হয়তো বন্ধ থাকতে পারে। আমরা মোবাইল ফোনটিও চার্জ দিয়ে চালু করার চেষ্টা করছি। হয়তোবা সেটি চালু হলে যুবকের পরিচয় এবং আরো কিছু তথ্য নিশ্চিত হওয়া যাবে। তার প্যান্টের পকেটে মোবাইল ফোন, মানিব্যাগ অক্ষত রয়েছে। ধারণা করছি চার থেকে পাঁচ আগে তার মৃত্যু হয়েছে।’
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল রউফ জানান, তিনি মহিপুর থানার মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন এবং জাতীয় পরিচয়পত্রে ঠিকানা অনুযায়ী ওই এলাকায় খোঁজ নিতে লোক পাঠানো হয়েছে। এছাড়া ওই এলাকার বিল্লাল নামে কেউ নিখোঁজ আছেন কিনা বা এমন কোনো সাধারণ ডায়েরি (জিডি) থানায় আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে।



