চোখ ফেরানো যায় না এমন দৃষ্টিনন্দন আমের মুকুল ইন্দুরকানীর পথ-ঘাট-প্রান্তরে। যে দিকে চোখ যায়, ওই দিকেই আমের মুকুল দেখা যাচ্ছে। গাছে গাছে এত মুকুল দেখে স্থানীয়রা বলছেন, এবার স্মরণকালের রেকর্ড ভেঙেছে। গত দুই/তিন যুগেও এত আমের মুকুল দেখা যায়নি বলে তারা জানিয়েছেন।
কোনো কোনো গাছের মুকুল থেকে ছোট ছোট আমের কুড়ি বের হওয়া শুরু করছে। মুরব্বিরা বলেন, এবার ঝড়-বৃষ্টি বেশি হবে। এর কারণ হিসেবে তারা বলেন, ‘যে বছর আমের মুকুল বেশি হয়, সে বছর ঝড়-বৃষ্টিও বেশি হয়।’ অবশ্য প্রচলিত এক কথায় কোনো ভিত্তি আছে কিনা জানা নেই।
উপজেলার প্রায় সকল গ্রামের আম গাছে প্রচুর মুকুল ধরেছে। স্থানীয় ভাষায় আমের মুকুলকে বৌল বলে। এ উপজেলায় বানিজ্যিকভাবে আমের চাষ না হলেও প্রতি গৃহস্তের বাড়িতে অনেক আম গাছ আছে। এসব আম গাছের কোনো পরিচর্যা করা হয় না। তাই আমে পোকাও হয়। অবশ্য এখন রাসায়নিক মুক্ত আমের আশায় অনেকেই দেশী আমের প্রতি আগ্রহ বাড়িয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান বলেন, ‘শুরু থেকে পরিচর্যা করলে ভালো আম পাওয়া যাবে।’



