জমি সংক্রান্ত বিরোধের জেরে টয়লেট নির্মাণকে কেন্দ্র করে মানিক মোল্যা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মানিক মোল্যা ওই গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে ও তিন সন্তানের জনক।

স্থানীয়রা জানান, বাড়ির জায়গা জমি নিয়ে নিহতের বড় ভাই খোরশেদ মোল্যা, ছোট ভাই সফি মোল্যা ও তার আরেক ভাইয়ের ছেলে হাসানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে মানিক মোল্যা শ্রমিক নিয়ে ঘরের পাশে টয়লেট নির্মাণ করতে গেলে তার ভাই ভাতিজা বাঁধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে মানিক মোল্যাকে কিলঘুষি মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, ভাই ভাতিজার মারধরে আমার স্বামীর মৃত্যু হয়েছে।

স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের মেম্বার সানোয়ার হোসেন বলেন, বিভিন্নজন মানিক মোল্যার মৃত্যু নিয়ে নানা কথা বললেও ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না। এ রির্পোট লেখা পর্যন্ত অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।