নওগাঁর রাণীনগর ধামইরহাট থেকে দু’টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-১৪ (বিজিবি)। এর আনুমানিক মূল্য প্রায় ৬১ লাখ টাকা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফার্সিপাড়া পাতনা চাঁনকুড়ি গ্রামের একটি পুকুর থেকে মূর্তি দু’টি উদ্ধার করা হয়। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে বিজিবি সংবাদ পায় যে চকচণ্ডি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সীমান্ত পিলার ২৬৩/৫-এস থেকে ৮০০ গজ বাংলাদেশের ভেতরে সীমান্তবর্তী কৈগ্রাম নাওয়াল নৃগোষ্ঠী পাড়ায় কিছু কষ্টি পাথরের মূর্তি জমা করা হয়েছে। সংশ্লিষ্টরা এগুলো ভারতে পাচার করবে। পরে বিজিবি সেখানে অভিযান চালায়। এ সময় ফার্সিপাড়া পাতনা চাঁনকুড়ি গ্রামের জাহিদুল ইসলাম হেলালের পুকুর থেকে মূর্তি দু’টি উদ্ধার করা হয়। এর মধ্যে একটির ওজন ৪৩ কেজি ৩০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৩০ হাজার টাকা। অপরটির ওজন ১৭ কেজি ৭০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এছাড়া একই জায়গা থেকে রাত সাড়ে ৭টার দিকে একটি শিবলিঙ্গ সদৃশ পাথর উদ্ধার করা হয়েছে। যার ওজন ৪৫ কেজি। উদ্ধার করা কষ্টি পাথরের মূর্তিগুলো স্থানীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।