দিনাজপুরের ফুলবাড়ীতে ভিন্ন ভিন্ন অভিযানে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারী) রাতে উপজেলার দাদপুর ও চিন্তামন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন নুর আলম ও মশিয়ার রহমান। নুর আলম দাদপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে। আর মশিয়ার রহমান পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পুলিশের একটি দল উপজেলার দাদপুর গ্রামে অভিযান চালায়। এ সময় তারা সেখান থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ নুর আলমকে আটক করে। অপরদিকে একইদিন চিন্তামন এলাকায় অভিযান চালিয়ে মশিয়ার রহমানকে আটক করা হয়। এ সময় তার থেকে ৬০ পিস টাফেন্টা ট্যাবলেট জব্দ করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মাদক চোরাচালানের সময় ওই দুই যুবককে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।