ভোলার লালমোহন থানায় এসে সন্তানের বিরুদ্ধে রাজা মিয়া নামের এক বৃদ্ধ বাবা লিখিত অভিযোগ করেছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোলার লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

৬৫ বছর বয়সী রাজা মিয়া লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার বাসিন্দা।

বৃদ্ধ রাজা মিয়ার অভিযোগ, তার দুই ছেলে প্রতিষ্ঠিত হয়েও বিগত আট বছর ধরে তার কোনো রকমের খোঁজ-খবর নেন না। বয়সের ভার আর শারীরিক অসুস্থতার জন্য ছেলেদের এমন ব্যবহারে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে। এজন্য কোনো উপায় না পেয়ে থানায় এসে ভরণপোষণের দাবিতে জসিম ও রুবেল নামে দুই ছেলের বিরুদ্ধে মামলা করেন তিনি। প্রশাসন তাকে ন্যায্য বিচার পাইয়ে দিবে বলে আশাবাদী বৃদ্ধ রাজা মিয়া।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহাবুবুর রহমান বলেন, ‘রাজা মিয়া নামের এক ব্যক্তি তার
দুই ছেলে ভরণপোষণ না দেয়ার অভিযোগ নিয়ে থানায় আসেন। পরে ওই দুই সন্তানের বিচারের দাবিতে ভরণপোষণ আইনে একটি মামলা করেন তিনি। আমরা শিগগিরই তার দুই ছেলেকে আইনের আওতায় আনবো।’

ওসি আরো বলেন, সবাইকে তাদের মা-বাবার প্রতি যত্নশীল হতে হবে। অন্য কেউ যদি রাজা মিয়ার সন্তানদের মতো তাদের মা-বাবার সাথে এ ধরনের আচরণ করে, তবে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।