দিনাজপুরের ফুলবাড়ীতে সংবাদপত্র হকার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইজাজুল হককে সভাপতি ও আরজু বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে ফুলবাড়ী প্রেসক্লাব সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন পত্রিকা বিক্রেতা ইজাজুল হক।
নারী পত্রিকা বিক্রেতা আরজু বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ ও ফটো সাংবাদিক কাজী আব্দুল খালেক প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ইজাজুল হককে সভাপতি ও আরজু বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়নের ৯ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আশরাফ আলী, সহ-সাধারণ সম্পাদক মো: ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ মোনাফ আলী, দফতর সম্পাদক তরুণ কুমার, নির্বাহী সদস্য মো: আব্দুল জব্বার, মোয়াজ্জেম হোসেন ও মাহফুজ আল আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সংবাদপত্রের ভিত হলো পত্রিকার হকাররা। তারা আছেন বলেই রোজ সকালে পত্রিকা পৌঁছে যায় পাঠকের হাতে। এতে পাঠকের তৃপ্তি মেটে। পত্রিকা হকারদেরকে ছেড়ে সংবাদ জগৎ এগিয়ে যেতে পারে না। তাই পত্রিকা হকারদের কথা ভাবতে হবে পত্রিকা অফিসগুলোকে।



