পিরোজপুরের মঠবাড়িয়ায় দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আমিরুল ইসলাম হাওলাদার (৩৮) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আমিরুল ওই গ্রামের মো: মোকছেদ আলী হাওলাদারের ছেলে।
আটকরা হলেন চালিতাবুনিয়া পঞ্চায়েত বাড়ির মো: তোফাজ্জেল হাওলাদারের ছেলে মো: হায়দার আলী হাওলাদার (৫০), হায়দার আলীর ছেলে কলেজছাত্র মো: তাহসিন আরবী (১৮), মো: মাহাবুব হাওলাদারের ছেলে কলেজছাত্র মো: মিরাজ মাহমুদ (১৭) ও মো: ইউনুসের ছেলে মো: হোসাইন (১৭)।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া মাদরাসার বার্ষিক মাহফিল শেষে রাত ২টার দিকে বাড়ি ফিরছিলেন। স্থানীয় দেলোয়ার হোসেনের বাড়ির সামনে পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুবৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুবৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই আমিরুলের মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সন্দেহজনক চারজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।’



