কুষ্টিয়ার কুমারখালীতে মহানবী হযরত মোহাম্মাদ সা:-কে নিয়ে কটূক্তি করেছেন কয়া চাইল্ড হ্যাভেন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার বিভিন্ন ছাত্রের অবিভাবকদের সামনে তিনি ওই কটূক্তি করেন। এ ঘটনায় ওই দিন রাতেই কয়া ইউনিয়নের এনামুল হক নামের এক ব্যক্তি থানায় মামলা করেন।
মামলাকারী এনামুল হক জানান, চাইল্ড হ্যাভেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বোরকা পরা নিষিদ্ধ ও ক্যাপ পরতে উদ্বুদ্ধ করার প্রতিবাদে মঙ্গলবার কয়েকজন অবিভাবক স্কুলে যান। পরে আল্লাহর বিধান ও মহানবী সা:-এর শিক্ষা থেকে ছাত্রীদের দূরে সরানোর কারণ সম্পর্কে জিজ্ঞেস করেন। এ সময় তিনি মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করেন। একইসাথে বিভ্রান্তমূলক কথা বলেন কুরআন সম্পর্কেও।
তিনি আরো জানান, অবিভাবকরা বিষয়গুলো এলাকায় জানালে ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিষ্ঠানটি ঘেরাও করে প্রধান শিক্ষকের বিচার দাবি করেন। এ সময় একজন অবিভাবকের স্বীকারোক্তির ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। পরে আমি এ মামলা করি।
কুমারখালী থানার অফিসার ইনসার্জ (ওসি) মো: মহসীন হোসাইন জানান, ‘মহানবী হযরত মোহাম্মাদ সা:-কে কটূক্তি করায় মঙ্গলবার রাতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়। পরে বুধবার ভোরে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’



