পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আমিরুল ইসলাম হাওলাদার (৩৮) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আমিরুল ওই গ্রামের মোকছেদ আলী হাওলাদারের ছেলে। থানা পুলিশ এ ঘটনায় ওই রাতেই চারজনকে আটক করেছে। আটককৃতরা হলো চালিতাবুনিয়া পঞ্চাইত বাড়ির তোফাজ্জেল হাওলাদারের ছেলে হায়দার আলী হাওলাদার (৫০), তার ছেলে কলেজছাত্র তাহসিন আরবী (১৮), মাহাবুব হাওলাদারের ছেলে কলেজছাত্র মিরাজ মাহমুদ (১৭) ও মোহাম্মদ ইউনুসের ছেলে মোহাম্মদ হোসাইন (১৭)।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া ছালেহিয়া হামিদিয়া দ্বীনিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষে রাত ২টার দিকে বাড়ি ফিরছিলেন। দেলোয়ার হোসেনের বাড়ির সামনে পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে তাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা আমিরুলকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আমিরুলের মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সন্দেহজনক চারজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।



