মাটিবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (২৭) নামের এক পুলিশ সদস্যের (কনস্টেবল) মৃত্যু হয়েছে। তিনি রাঙামাটি তগোলছুড়ি থানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা ঘটনাটি নিশ্চিত করেছেন।

ইমরান হোসেন কলারোয়া উপজেলার শংকরপুর গ্রামের স্কুল শিক্ষক মোনায়েম হোসেনের ছেলে। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের বাবা মোনায়েম হোসেন জানান, ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছে। সকালে একই গ্রামের তার বন্ধু নয়ন হোসেন ও ইমরান হোসেন মোটরসাইকেল যোগে শংকরপুর লিয়াকত হোসেনের দোকানের সামনে পৌঁছালে ইটভাটার মাটিবাহী ট্রাকের সাথে সংঘর্ষে হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, মাটিবাহী ট্রাকের ধাক্কায় ইমরান হোসেন নামের এক পুলিশ সদস্য মারা গেছেন। খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহত পুলিশ সদস্যের মোটরসাইকেলে থাকা গুরুত্বর আহত নয়ন হোসেনকে খুলনা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।