সিলেটের গোলাপগঞ্জে খেলার মাঠে সংঘর্ষে প্রকাশ্য দিবালোকে একই এলাকার দুই ব্যক্তিকে হত্যা করার এক বছর হলেও খুনিদের গ্রেফতার না করার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোলাপগঞ্জ উপজেলা সদরে তারিফ সুফিয়ান স্মৃতি পষিদের উদ্যোগে গত ১৭ ফেব্রুয়ারি সর্বস্তরের জনতার অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আব্দুল মন্নানের সভাপতিত্বে ও রণকেলী এলাকার রাহি আহমদের উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি আলেকুজ্জামান আলেক, সাবেক ছাত্রনেতা আব্দুস ছালাম, জিয়া উদ্দিন, সুহেদ আহমদ, আরিফুজ্জামান আরিফ, মাওলানা আব্দুর রব, এনাম আহমদ প্রমুখ।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এই দুই খুনের আসামিদের অন্ধকারে রেখে ফায়দা হাসিল করছেন। পাশাপাশি প্রভাবশালীদের ইন্ধনে খুনিরা রয়েছে নিরাপদে। দুই খুনের আসামিদের শিগগিরই গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের পথ বেছে নেয়া হবে। বক্তরা দুই খুনের আসামিদের দ্রুত গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।


২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ শুক্রবার উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী নুরুপাড়া গ্রামে টাইগার ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয় রণকেলী নুরুপাড়া এলাকার রঙ্গাই বিছরা ফুটবল মাঠে। উক্ত খেলাকে কেন্দ্র করে রণকেলী নয়াগ্রাম ও রণকেলী নুরুপাড়া দুই টিমের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত তিনজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তারিফ রহমানকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। দুই মাস চিকিৎসার পর মারা যান আবু সুফিয়ান। দুই খুনের আসামিদের এক বছরেও পুলিশ গ্রেফতার করতে না পারায় শুক্রবার এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।