লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট।
মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার দু’বছর পূর্তি উপলক্ষে নয়া দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ সহযোগীতা চান।
তিনি নয়া দিগন্তকে বলেন, ‘আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে আপনারা তা পত্রিকায় তুলে ধরবেন। আর যদি খারাপ কোনো কাজ করে থাকি তাও তুলে ধরবেন। এটাই আমার অনুরোধ।’
তিনি বলেন, ১৯৯৯ সালে পাটগ্রাম পৌরসভা গঠিত হওয়ার পর একদিকে ছিলো উন্নয়ন বঞ্চিত। অন্যদিকে ছিলো ঋণে জর্জরিত। আমি দায়িত্ব নেয়ার পর অনেকটাই ঋণ মুক্ত করা হয়েছে। তবে বিশ্বব্যাপী করোনা ও বৈশ্বিক মন্দায় পৌরসভার উন্নয়ন অনেকটাই ব্যহত হয়েছে। তবে বর্তমানে নাগরিক সেবার মান উন্নয়ন ও বেকার যুবকদের আত্ম-কর্মসংস্থানের বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে জরুরি সমস্যগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করা হয়েছে।
তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে ইউআইআইপি প্রকল্পের আওতায় ১৫০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। ধাপে ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
পৌর মেয়র সুইট বলেন, ইতোমধ্যে শহরের অলিগলি, রাস্তাঘাট, বসতবাড়িতে পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্থানীয় যুবকদের নিয়োগ করা হয়েছে। পৌর শহরে শতভাগ বিদ্যুতায়ন, সড়ক বাতি, বৈদ্যুতিক পিলার, স্বাস্থ্য সেবা, অক্সিজেন সেবা, সাপ ও কুকুর কামড়ের ভ্যাক্সিন, ডাস্টবিন স্থাপন, বিভিন্ন স্থানে সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেন নির্মাণ ও সংস্কার, জরুরি সেবার হট লাইন ও নাগরিকদের অ্যাম্বুলেন্স সেবা প্রদান নিশ্চিত করাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ, টিসিবিসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হয়েছে। এ উন্নয়ন প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি এ উন্নয়ন প্রক্রিয়া চলমান রাখতে সবার সহযোগীতা কামনা করেন।



