টাঙ্গাইলের দেলদুয়ারে মাদক সেবনের জের ধরে রায়হান (২০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দু‘জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক কারবারি মর্জিনার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ঘটনার পর থেকেই মর্জিনা ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
শনিবার(২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাততলা এলাকা থেকে রায়হানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রায়হান নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হানের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দু‘জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে মাদক সেবন নিয়ে কথাকাটাকাটির জের ধরে এ হত্যা হয়েছে। পরে নিহতের লাশ মাদক কারবারি মর্জিনার বাড়ির সামনে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় এলাকাবাসী। পরে তারা মাদক কারবারি মর্জিনার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ঘটনার পর থেকেই মর্জিনা পলাতক রয়েছে বলেও জানান তিনি।



