জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সদর চর ভবসুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার বিকেলে উপজেলার ডেফলা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ পৌরসভার বীর ভবসুর ঠোটাপাড়া গ্রামের বাসিন্দা এবং চর ভবসুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষক আমিনুল ইসলাম জামালপুর থেকে সুমন নামে এক আত্মীয়ের মোটরসাইকেলের পেছনে বসে দেওয়ানগঞ্জ নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মেলান্দহ- দেওয়ানগঞ্জ সড়কের ডেফলা এলাকায় পৌঁছলে একটি অটোরিকশার সাথে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা গভীর শোক প্রকাশ করছেন।