কুমিল্লা উত্তর জেলা বিএনপির ‘পদযাত্রা’ কর্মসূচিতে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও কুমিল্লা উত্তর জেলার দুই শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে চান্দিনা থানার এসআই তাপস দাস বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদসহ কুমিল্লা উত্তর জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির ৩৬ নেতাকর্মীকে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১৭০ জনকে।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার দড়ানিপাড়া এলাকায় অবস্থান নেয় কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখানে পুলিশি বাধায় স্থান ত্যাগ করে তারা মহাসড়কের চান্দিনা-মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী গোমতা এলাকায় অবস্থান নেন। সেখানেও বাধা পেয়ে দেবিদ্বার ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী কুটুম্বপুর-খাদঘর এলাকা থেকে দুই সহস্রাধিক নেতাকর্মী পদযাত্রা শুরু করলে বাধা দেয় পুলিশ।
এ দিকে দফায় দফায় পুলিশি বাধার মুখে পড়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি নেতাকর্মীরা। ক্ষিপ্ত বিএনপি নেতাকর্মীরা হঠাৎ পুলিশের ওপর চড়াও হয়ে ধস্তাধস্তি শুরু করলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে। এতে বিএনপির অন্তত ২৫ নেতাকর্মী আহত হন।
চান্দিনা থানার ওসি সাহাবুদ্দীন খান বলেন, সরকারি কাজে বাধা, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্যাদি বহনের অপরাধে মামলাটি দায়ের করা হয়েছে। আমরা আসামিদের অবস্থান নিশ্চিত করে গ্রেফতারের চেষ্টা করছি এবং ঘটনার সাথে আরো কারা জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।



