ভোলার লালমোহনে গলায় ফাঁস দিয়ে হাবিব উল্লাহ (৭৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধলীগৌরনগর চরমোল্লাজী গ্রামের নিজ বসতঘরে ফাঁস দেন তিনি।

দীর্ঘদিন ধরে মুখে ঘা। শারীরিকভাবেও ভীষণ অসুস্থ। এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের বসত ঘরের আড়ার সাথে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়েছেন ওই বৃদ্ধ।

বৃদ্ধের ছেলে মো: কামাল হোসেন বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে বাবাকে ঘরে রেখে আমরা যে যার মতো কাজ করতে যাই। কিছু সময় পরে মা ঘরে এসে বাবাকে আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দেন। তখন আমিসহ প্রতিবেশীরা ছুটে এসে দড়ি কেটে বাবার লাশ নিচে নামাই।’

লালমোহন থানার অফিসার ইনসার্জ (ওসি) মো: মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। একইসাথে লাশ উদ্ধার করে থানায় এনেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।