চিরিরবন্দরের পল্লীতে আগুন লেগে তিনটি বাড়ি ও বাড়ির সবকিছু পুড়ে গেছে। সর্বস্ব হারিয়ে পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। গত মঙ্গলবার রাত ৩টায় উপজেলার আবদুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের ফকিরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে বসতঘরসহ আসবাবপত্র, জামানো টাকা, গরু, ছাগল, হাঁস, মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম বলেন, আমার আয়ের একমাত্র উৎস ব্যাটারি চালিত ভ্যানটিও পুড়ে ছাই হয়েছে। বাড়িতে রাখা জমানো ১৮ হাজার টাকাসহ কাপড়-চোপড় সব পুড়ে গেছে। শাহ আলম বলেন, পাশের বাড়িতে চিৎকার চেঁচামেচিতে ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘরের টিনেও দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরে রাখা সমিতির ৭০ হাজার টাকাসহ সব আসবাবপত্র সব পুড়ে গেছে।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান জানান, ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে। পরিবারগুলোর মধ্যে দ্রুততম সময়ে অর্থসহ সরকারি সহায়তা দেয়া হবে।



