নওগাঁর আত্রাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনির সাথে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় আমির হোসেন (৬০) নামে এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আত্রাইয়ের বান্দাইখাড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

আমির হোসেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের দিলবর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রাণীনগর এলাকা থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক বান্দাইখাড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বান্দাইখাড়া সেতুর ওপর পৌছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনিতে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ট্রাকচালক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।