একটি সেতুর কারণে মাত্র কয়েক দিনেই বদলে গেছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া ইউনিয়ন। কৃষিনির্ভর অর্থনীতি, যাতায়াত ব্যবস্থা, প্রাকৃতিক পরিবেশ সব কিছু পাল্টে খড়িবাড়ির মাটির রাস্তার জায়গায় এখন পিচঢালা পথ, গ্রামীণ পটভূমির বদলে পুরোদস্তুর শহুরে পরিবেশ।

ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের এ এলাকাটি খড়িবাড়ী ঘাট নামে পরিচিত। যা আসান নগরের সাথে ঠাকুরগাঁও শহরকে যুক্ত করেছে।

আসান নগর ও খড়িবাড়ীর বাসিন্দারা বলছেন, এ সেতু ও সংযোগ সড়কটি এলাকার চিত্র পাল্টে দিতে মূল ভূমিকা রাখবে। সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হতেই এলাকাটি বিভিন্ন বেসরকারি কোম্পানির নজরে আসে।

২০১৮ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও সফরকালে সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দেন। বর্তমানে সেতু সংযোগ সড়কের দুই পাশের নিম্ন ভূমি ভরাট করে গড়ে তোলা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান।

এছাড়া সেতুর দুই পাশের ইউনিয়ন রুহিয়া, ঢোলারহাট ও সেনুয়াতেও লেগেছে নগর জীবনের ছোঁয়া।

সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নকে টাঙ্গান নদ দুই ভাগে বিভক্ত করেছে। টাঙ্গান নদের ওপারে উত্তর আসান নগর ও দক্ষিণ আসান নগর।

সারা বছর এ অঞ্চলের মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম নৌকা। খানাখন্দ রাস্তায় যাতায়াত ও নদী পথ পাড়ি দিয়ে শহরে আসতে অনেক সময় লেগে যেত। সেতুর দু‘পাড়ের মানুষের স্বপ্নের সেতু।

রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী ঘাটের নবনির্মিত সেতুটির দৈর্ঘ্য ৯০ দশমিক ১০ মিটার। এটি নির্মাণে ব্যয় হয়েছে ছয় কোটি তিন লাখ টাকা। সেতুর সাথে যুক্ত দুই কিলোমিটার দীর্ঘ পাকা সড়কও হয়েছে। এরই মধ্যে সেতুর পশ্চিম অঞ্চলবাসীর প্রাণের দাবি সেতুর মাধ্যমে শহরের সাথে এ অঞ্চলের মানুষের মিলন মেলা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সেতুটি উদ্বোধন করে জনসাধারণের যাতায়াতের জন্য খুলে দেয়া হয়েছে।

সেতু ও দু‘পাড়ের সড়ক স্থাপিত হওয়ায় রাজাগাঁও, রুহিয়া, ঢোলারহাট, রুহিয়া পশ্চিম, আখানগর ও সেনুয়া ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতে নয়া দিগন্তের সূচনা হয়েছে।

আগে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় বিভিন্ন ফসল আবাদ করেও বিক্রি করতে হিমশিম খেতে হতো। কিন্তু এখন আর ওই যন্ত্রণা পোহাতে হয় না।

ট্রাক, পিকআপসহ যন্ত্রচালিত গাড়ি ফসলের মাঠে পৌছাতে কোনো সমস্যা না থাকায় ফসল শহরে নিয়ে বিক্রি করে মুনাফা অর্জন করা সম্ভব হচ্ছে।

অন্যদিকে, টাঙ্গান নদের খড়িবাড়ী ঘাট সেতুতে বিকেল গড়ালেই দর্শনার্থীদের ভিড় জমে যায়। সেতু থেকে নদ, দূরের সবুজ গাছগাছালি, হিমেল বাতাস, সন্ধ্যায় সূর্য ডোবা আকৃষ্ট করে যে কাউকেই।

রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম জানান, ‘এখন আর পায়ে হাঁটতে হয় না, নৌকায়ও পার হতে হয় না। উপজেলা শহরে যেতে বিভিন্ন যানবাহন পেতে একটুও দেরি হয় না।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে নবনির্মিত সেতুটি উদ্বোধন করেন স্থানীয় এমপি রমেশ চন্দ্র সেন। উদ্বোধন শেষে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী স্কুল মাঠে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জেলা-উপজেলা, থানাসহ ইউনিয়নের নেতারা।