গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাই, ভাবি ও ভাতিজার পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যুনারায়ণপুর গ্রামে ঘটে এ হত্যাকাণ্ড।
নিহতের নাম সাজ্জাদ হোসেন সাজু (৩৮)। তিনি কাপাসিয়া থানাধীন দস্যুনারায়ণপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম ও স্থানীয়রা জানান, গত কিছু দিন ধরে মায়ের দেয়া এক খণ্ড জমি নিয়ে সাজুর সাথে (তার ভাই) ইসমাইল হোসেনের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওই জমিতে মাটি ভরাটের কাজ করছিলেন সাজ্জাদ হোসেন সাজু। এ সময় সেখানে এসে ইসমাইল হোসেন (৫০), ভাতিজা নাঈম (১৭) ও ভাবি কোহিনুর বাধা দেন। এতে সাজুর সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ভাই, ভাবি ও ভাতিজার পিটুনিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ৬ সন্তানের জনক সাজু। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় সাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের মা ছালেহা বেগম ও স্ত্রী আনোয়ারা বেগম বলেন, নিহতের বাবা সিরাজউদ্দিন মৃত্যুর আগে ৩ শতাংশ জমি তার মা ছালেহা বেগমকে (৭০) রেজিস্ট্রি করে দিয়েছিলেন। তার বাবার মৃত্যুর পর বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলের সাজু মায়ের দেখভাল করলেও মেজ ছেলে ইসমাইল কোনো খোঁজ খবর রাখেননি। এ কারণে মা ছালেহা বেগম তার বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলে সাজুকে স্বামীর দেয়া ওই তিন শতাংশ জমি সমান ভাগে রেজিস্ট্রি করে দেন। মায়ের দেয়া ওই জমিতে সাজু মাটি ভরাট করতে গেলে এ ঘটনা ঘটে।



