কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দুই পরিবারের সংঘর্ষে কুলছুমা বেগম (৪০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই ওয়ার্ডের নুর মোহাম্মদের স্ত্রী। সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, পাশাপাশি দুই পরিবারের সদস্যদের মধ্যে রাতে লাঠিসোটা ও দা নিয়ে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান কুলছুমা। এতে বেশ কয়েকজন আহতও হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনাস্থল থেকে লাশ এনে সুরতহাল রিপোর্ট তৈরি করে সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।