জুয়া খেলার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এলাকার দোল মেলার জন্য নির্ধারিত স্থানে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এক দল পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালান। এ সময় জুয়া খেলারত অবস্থায় ছয় জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে যান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামের মরহুম শামসুল হকের ছেলে জিয়াউর রহমান জিয়া (৪৫), একই ইউনিয়নের বড়লই গ্রামের মরহুম আকবর আলীর ছেলে এরশাদুল হক (৩৫), ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের মরহুম আফাজ চৌধুরীর ছেলে হুমায়ুন কবির বিপ্লব চৌধুরী (৪৫), একই গ্রামের আবু বক্করের ছেলে ফারুক হোসেন (৩৮), একই ইউনিয়নের রামরামসেন গ্রামের শহীদ আলীর ছেলে গোলাম রব্বানী (২৪), ভাঙ্গামোড় গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩২)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে বুধবার দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।