মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা নয়াপাড়া এলাকা থেকে সামিয়া আক্তার (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর স্বামী রতন মোল্লাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) লাশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে মর্গে পাঠানো হয়।

সামিয়া আক্তার সিংগাইর উপজেলার নয়াডিঙ্গি এলাকার মো: আলীর মেয়ে।

সামিয়া আক্তারের মামা মো: আবুল হাসান বলেন, ‘সামিয়া নানির বাড়ি লক্ষ্মীপুর খানপাড়া এলাকায় থেকে মাদরাসায় লেখাপড়া করতো। গত ১০ থেকে ১১ মাস আগে পরিবারের অমতে নয়াপাড়া এলাকার মনফু মোল্লার ছেলে রতন মোল্লাকে বিয়ে করে। বুধবার রাতে খবর পায় তাকে মেরে ফেলা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মানবেন্দ্র বালো বলেন, বুধবার রাতেই স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ডের রিপোর্টের পর জানা যাবে কিভাবে সে মারা গেছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে।