মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের নয়াকান্দি ব্রিজের ঢাল থেকে মো: সোহরাব হোসেন নামে এক পেট্রোল পাম্প মালিকের কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ীর মোটরসাইকেল থামিয়ে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ওই ব্যবসায়ী দুপুরে এ বিষয়ে সদর থানায় দু‘জনের নাম উল্লেখ করে মামলা করেন।

অভিযুক্তরা হলেন সদর উপজেলার বড় সরুন্ডী গ্রামের আব্দুর রশিদের ছেলে মো: জিসান (২৩) এবং একই গ্রামের মো: রহিজ উদ্দিনের ছেলে মো: রবিউল ইসলাম (২৫)।

অভিযোগপত্র থেকে জানা গেছে, ব্যবসায়ী মো: সোহরাব হোসেনের মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের মিতরা বাসস্ট্যান্ড এলাকায় মিলনস ফিলিং স্টেশনের মালিক। তিনি এই পাম্পের তেল বিক্রয়ের ১৫ লাখ টাকা ব্যাংকে রাখতে মানিকগঞ্জ শহরের দিকে আসছিলেন। নয়াকান্দি ব্রিজের ঢালে আসা মাত্রই তিনটি মোটরসাইকেল করে পাঁচ থেকে ছয়জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পরে গেলে তার কাছে থাকা ১৫ লাখ টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এদের মধ্যে তিনি দু‘জনকে চিনতে পারেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, এ ব্যপারে শিগগিরই আসামিদের গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।