মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের নয়াকান্দি ব্রিজের ঢালে সোহরাব হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় সোহরাব হোসেনের মোটরসাইকেল থামিয়ে তাকে মারধর করে এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ছিনতাইয়ের পর পরই ভুক্তভোগী সোহরাব হোসেন দুপুরে সদর থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো সদর উপজেলার বড় সরুন্ডী গ্রামের আ: রশিদের ছেলে জিসান (২৩) ও একই গ্রামের রহিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫)।
অভিযোগপত্র থেকে জানা যায়, সোহরাব হোসেনের মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের মিতরা বাসস্ট্যান্ড এলাকায় মিলনস ফিলিং স্টেশনের মালিক। পাম্পের তেল বিক্রির ১৫ লাখ টাকা তিনি ব্যাংকে রাখার জন্য মানিকগঞ্জ শহরের দিকে আসার পথে ছিনতাইয়ের কবলে পড়েন তিনি। তিনটি মোটরসাইকেলে করে ৫-৬ জন ছিনতাইকারী নয়াকান্দি ব্রিজের ঢালে তার মোটরসাইকেলের গতিরোধ এবং তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পরে গেলে তার কাছে থাকা টাকার ব্যাগটি নিয়ে তারা পালিয়ে যায়। ছিনতাইকারীদের দু’জনকে তিনি চিনতে পেরেছেন।
সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, এ ব্যাপারে আসামিদের দ্রুত গ্রেফতার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।