বগুড়ার শাজাহানপুরে ৪২ বছর বয়সী এক বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ মার্চ) ভুক্তভোগী নারী এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা করেন।
ভুক্তভোগী নারী বলেন, প্রায় ১৫ বছর আগে তার স্বামী মারা গেছেন। এক সন্তানকে নিয়ে তিনি একাকী থাকেন। কিছু দিন আগে পাশের ডোমনপুকুর গ্রামের মরহুম মোরতাজ উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম পিন্টুর (৫৫) সাথে তার বিয়ের কথা হয়। তিনি বিয়ের পর তাকে নিয়ে হজ করার প্রতিশ্রুতি দেন। বিয়ের কথা বলে পিন্টু তাকে বিভিন্ন সময় দেখা করার জন্য ফোন দেন। কিন্তু ওই নারী একাকী দেখা করতে অপারগতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, গত ২৩ ফেব্রুয়ারি পিন্টুর বোন পরিচয়ে এক নারী তাকে বলেন, কয়েক দিন পরেই তো আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে। জামা-কাপড় তৈরি ও কসমেটিকস কেনার জন্য আমার বগুড়া কলোনির বাসায় এসো। এ কথায় তিনি ওই বাসায় যান। সেখানে পিন্টু একাই ছিলেন। তখন পিন্টু বলেন, কয় দিন পরেই তো বিয়ে। লজ্জা করে লাভ কী। এরপর শয়ন কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে আর বিয়ে করেন না।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার বনানী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



