টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে গেছে। উপজেলার সহবতপুর বাজারে শনিবার রাত ৩টায় এ ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সহবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান আনিস বলেন, শনিবার গভীর রাতে বাজারে আগুন লেগে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে বাজারের ফরহাদ হোসেন, মানিক খান, ইসমাইল হোসেন খান, শাহলিম হোসেন, ফটিক মিয়া, হাকিম খানের মুদি দোকান, গনি মিয়া, আনোয়ার হোসেনের ফলের দোকান, এন্তাজ আলী, লুৎফর রহমান, স্বপন, কামাল মিয়া, তোফাজ্জল হোসেন, গবিনাথ বিশ্বাস পানের দোকান, ফজলুর করিম, ফরমান খান, সেকান মিয়া, দানেজ আলী, এবাদত হোসেন, গবিনাথ ঠাকুরের দোকানসহ প্রায় ২২টি ঘর পুড়ে যায়।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, আমি সহবতপুর বাজারের অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ^াস দিয়েছেন তিনি।
সহবতপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুয়েল মিঞা বলেন, এ অগ্নিকাণ্ডে কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে। নাগরপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ২২টি দোকান ও ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।