খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় প্রীতিলতা বিশ্বাস (৫৩) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। রোববার (১২ মার্চ) সাড়ে ৯টার দিকে উপজেলার রুপসা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রীতিলতা উপজেলার গড়ইখালী ইউনিনের বাইনবাড়িয়ার তাপস কান্তি মন্ডলের স্ত্রী। তিনি স্থানীয় দক্ষিণ বাইনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে চোখ দেখানোর জন্য জামাতার মোটরসাইকেলযোগে বের হন প্রীতিলতা। যাওয়ার কথা ছিল খুলনা কুদির বটতলা। পথিমধ্যে তারা রুপসা সেতু এলাকায় পৌঁছলে দ্রুত গতির একটি পরিবহন পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে চালক জামাতা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। আর পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন প্রীতিলতা।

এ ঘটনায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সানা, উপজেলা শিক্ষা অফিসাররা ও দক্ষিণ বাইনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।