সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল কাদির সরদার (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার বিকেলে উপজেলার জাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন জাতপুর গ্রামের রাজু সরদার ও তার আত্মীয় ইমরান হোসেন।
নিহতের ছেলে আলমগীর হোসেন বলেন, তার চাচা খোদাবক্স সরদারের সাথে জমি নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। রেববার বিকেলে উভয়পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে খোদাবক্স সরদারের জামাই ইমরান হোসেন লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তালা থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।