নরসিংদীর পলাশে ফারদিন হাসান দিপ্ত (২০) নামে এক সাংবাদিককে রাস্তা থেকে ডেকে এনে বেধড়ক পিটিয়েছেন জাহিদ হাসান নামে এক কাউন্সিলর। সোমবার দুপুরে পলাশ উপজেলা পরিষদের নির্মাণাধীন একটি ভবনের ভেতর এনে দিপ্তকে মারধর করেন ওই কাউন্সিলর। এ ঘটনায় ফারদিন হাসান দিপ্তর মা আফিয়া বেগম বাদি হয়ে পলাশ থানায় কাউন্সিলর জাহিদ হাসান ও অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত জাহিদ হাসান ঘোড়াশাল পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর। সাংবাদিক ফারদিন হাসান দিপ্ত একই গ্রামের প্রবাসী নূর মোহাম্মদের ছেলে। তিনি দৈনিক আলোকিত প্রতিদিনের পলাশ উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য।
দিপ্ত জানান, দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের পুকুর পাড়ে তার এক পরিচিত লোকের সাথে কথা বলার সময় পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে জাহিদ কমিশনার দু’জন লোক পাঠিয়ে তাকে যেতে বলেন। এ সময় ‘একটু পরে দেখা করছি’ বললে কমিশনার ক্ষিপ্ত হয়ে তাকে জোরপূর্বক নির্মাণাধীন ভবনে নিয়ে যান এবং কোনো কিছু বুঝে উঠার আগেই তাকে চড় থাপ্পর ও কিলঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে নির্মাণকাজে ব্যবহৃত বেলচা দিয়ে পিটিয়ে আহত করেন তাকে।
এ বিষয়ে অভিযুক্ত জাহিদ হাসান বলেন, ‘তাকে ডেকে আনার পর সে আমার সাথে বেয়াদবি করায় তাকে শাসন করা হয়েছে।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।