কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে উভয়পক্ষের সংঘর্ষে ছাত্রীর বাবাসহ ১০ জন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী বসুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে স্থানীয় অকিল চন্দ্র সরকারের মেয়ে নবম শ্রেণীর ছাত্রীকে একই এলাকার হাছেন আলীর ছেলে রনি আহম্মেদ (২০) প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। গত শনিবার বিকেলে মেয়েটি প্রাইভেট পড়ার জন্য রনি আহমেদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় রনি তাকে জোরপূর্বক টেনে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়েটি কৌশলে সেখান থেকে বাড়িতে এসে তার বাবা অকিল চন্দ্রকে এ ঘটনাটি জানায়। ঘটনা শুনে অকিল চন্দ্র ও তার ভাই শুভশীষ চন্দ্র রনিদের বাড়ির সামনে গিয়ে এর প্রতিবাদ জানান। এরই একপর্যায়ে তাদের মধ্যে বাগি¦তণ্ডা হয় এবং পরে উভয়পক্ষের লোকজন লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় আধা ঘণ্টার সংঘর্ষে এক পক্ষের অকিল চন্দ্র সরকার, মুকুল চন্দ্র সরকার, সুভাশীষ চন্দ্র সরকার, সুনীল চন্দ্র সরকার ও সতীর্থ কর্মকার এবং অন্য পক্ষের রনি আহমেদ, হাছেন আলী , শমসের আলী, হুমায়ুন আহমেদ ও জনি আলম আহত হন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত অকিল চন্দ্র বলেন, আমার মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রনি ও তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। শনিবার রাতেই থানায় মামলা হয়েছে। এখন পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
আহত রনি আহম্মেদ উত্ত্যক্তের অভিযোগ অস্বীকার করে বলেন, মেয়েটি আমার ছোট বোনের বান্ধবী। তাই ছোট বোন হিসেবে ২১ ফেব্রুয়ারি তাকে ফুল দিয়েছিলাম।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, এ ব্যাপারে মেয়ের বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ফুলবাড়ীতে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষ, আহত ১০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে উভয়পক্ষের সংঘর্ষে ছাত্রীর বাবাসহ ১০ জন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী বসুনিয়াপাড়ায়...



