নওগাঁর ধামইরহাটে দেশীয় তৈরি তিনটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সানোয়ার হোসেন (৫২) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সানোয়ার হোসেন ওই গ্রামের মো: ওছমান আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার সানোয়ার হোসেন এলাকার শীর্ষ ডাকাত। তিনি একটি ডাকাত দলের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে। সানোয়ার হোসেন ও তার সহযোগী মো: ফরিদ উদ্দিনসহ ছয় থেকে সাতজনের একটি গ্রুপ বিভিন্ন সময়ে সংঘটিত বিভিন্ন ডাকাতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এ তথ্য পাওয়ার পর তাদের গ্রেফতারের কার্যক্রম শুরু হয়। বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো: মোস্তফা জামানের নেতৃতে একটি দল সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় জেলার ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তার সহযোগী মো: ফরিদ উদ্দিন পালিয়ে যান। পরে সানোয়ারের দেখানো স্থান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতি মামলাসহ মোট ১১টি মামলা থাকলেও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে তার নামে বিভিন্ন থানায় সাতটি মামলার তথ্য পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে ধামইরহাট থানায় অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।