চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় নিখোঁজের ১৪ দিন পর মনছুর আলী (২৭) নামে এক দুবাই প্রবাসীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী রিনা আকতার (২৩), শাশুড়ি সায়রা বেগম (৫৪) ও শ্যালিকা রুম্মান আকতারকে (১৫) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা ফকিরহাট এলাকার ফরিদ আহমদের ছেলে ও দুই সন্তানের জনক।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পর দিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাবার কথা বলে থেকে বের হন তিনি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি, বন্ধ ছিল ফোনও। নিখোঁজের পর থেকে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে গত ২ মার্চ মনছুর আলীর বোন বুলু আক্তার থানায় সাধারণ ডায়েরি করেন।

লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে প্রবাসী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।

পুটিবিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানান, ‘মনছুর আলী একজন রেমিটেন্সযোদ্ধা। নিখোঁজের আগের দিন আমার সাথে দেখা হয়েছিল, তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের বিচার দাবি করছি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, ‘দুবাই প্রবাসী মনছুর আলম নিখোঁজের ঘটনায় তার বোন বুলবুল আকতার একটি অপহরণ মামলা দায়ের করেছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে আমরা পহরচান্দা ছোট ধলিবিলা (হাসনা ভিটা) পাহাড়ি এলাকা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করতে সক্ষম হই।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে এটা পরকীয়া সংক্রান্ত ঘটনা। অনেক দিন ধরে তার শ্যালিকার সাথে সম্পর্ক ছিল বলে জেনেছি। সব তথ্য আমরা খতিয়ে দেখছি।’