জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের ২ দিন পর ভুট্টার ক্ষেত থেকে ফেরদৌস হাসান নামে এক মুদি দোকানির (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তার লাশ উদ্ধার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু শ্যামল চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরদৌস উপজেলার সদর দেওয়ানগঞ্জ ইউনিয়নের চর গামারিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ১২ মার্চ তিনি বাড়িতে রাতের খাবার খেয়ে দোকানে যান। এরপর থেকে তার সন্ধান না পাওয়ায় তার স্ত্রী নাজমা খাতুন দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি জিডি করেন। পরে মঙ্গলবার রহস্যজনকভাবে নিখোঁজ ফেরদৌস হাসানের লাশ নিজ গ্রামের একটি ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার করা হয়।
ওসি বাবু শ্যামল চন্দ্র ধর নয়া দিগন্তকে জানান, ফেরদৌসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মিস্টি ও সজিব নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।
এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় তার স্ত্রী নাজমা খাতুন সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো সাত থেকে আটজনের নামে মামলা দায়ের করেছেন।



