গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পরকীয়ার জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূর নাম অনিতা হালদার (৩০)।

মঙ্গলবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে বটবাড়ী গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত অনিতা বটবাড়ী গ্রামের বিশ্বনাথ হালদারে স্ত্রী ও দুই সন্তানের মা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত অনিতার সাথে একই বাড়ির তানভীর শিকদারের ১০ বছর প্রেমের সম্পর্ক ছিল। এই ঘটনা নিয়ে দুই পরিবারের সাথে বিরোধ চলছিল। কিন্তু গত রোববার রাতে তানভীর শিকদার অনিতার ঘরে গেলে, তানভীরের পরিবারের সদস্যরা এসে অনিতার ওপরে চড়াও হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অভিমানে গত সোমবার দুপুরে নিজ ঘরে অনিতা কীটনাশক পান করে অসুস্থ হয়ে যান। পরে স্থানীয়রা তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনার পর থেকেই তানভীর শিকদার গা ঢাকা দিয়েছেন। তিনি বটবাড়ী গ্রামের আব্দুল মালেক শিকদারের ছেলে ও তিন সন্তানের বাবা।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান বলেন, পরকীয়ার জেরেই এই আত্মহত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।