শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীকের প্রার্থী আবু রায়হান বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে মোরগ প্রতীকের প্রার্থী আবু রায়হানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি মোট ৭৮৬টি ভোট পেয়েছেন। তার নিকটতম তালা প্রতীকের প্রার্থী ৭৪৩টি ভোট পেয়েছেন। অপর প্রার্থী ফুটবল প্রতীকের ওয়াজ কোরনী পেয়েছেন ১০ ভোট।
জানা যায়, ওই ওয়ার্ডের সদস্য আব্দুল হান্নানের মৃত্যুর পর পদটি শূন্য হওয়ায় ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ওই ওয়ার্ডের ভোটার দু’টি গ্রামে বিভক্ত হওয়ায় আলাদা দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্র দু’টি হলো দক্ষিণ মাটিয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গড়গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে মোট ভোটার সংখ্যা দু’হাজার ৫৫৯ জন। এখানে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী।
গড়গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা এবারই প্রথম ইভিএমে ভোট প্রদান করেন।



