মোট ১৯৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘর ও দুই শতাংশ জমির দলিল বুঝিয়ে দেয়ার মাধ্যমে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীর পলাশ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।
উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর, বরাব ও চরসিন্দুর ইউনিয়নের কাউয়াদী আশ্রয়ণ প্রকল্পে সরেজমিন গিয়ে দেখা যায়, সময়ের সাথে বদলে গেছে ছিন্নমূল মানুষের জীবনযাত্রা। প্রকল্প থেকে পাওয়া পাকা আধাপাকা বাড়িতে বাস করছেন তারা। সেই বাড়ির সামনেই আবাদ করছেন শাক-সবজির।
জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী বলেন, এই মানুষেরা তাদের ভাগ্যের চাকা নতুনভাবে ঘুরাতে শুরু করেছেন।
ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সুফল পেতে শুরু করেছে উপজেলার ভূমি ও গৃহহীন মানুষেরা।
পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, উপজেলাটি ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। আশ্রয়হীন মানুষেরা পাচ্ছে তাদের স্বপ্নের ঠিকনা।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার রবিউল আলম বলেন, ২২ মার্চ সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই শতাংশ করে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করার মাধ্যমে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। এরপর প্রাকৃতিক কোনো কারণে কেউ নতুনভাবে ভূমিহীন ও গৃহহীন হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।