দিনাজপুরের ফুলবাড়ীতে রেললাইনের পাশ থেকে একটি পা কাটা অবস্থায় শিফাত আহম্মেদ শিশির (১৭) নামের এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি দুর্ঘটনা, নাকি হত্যা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তবে পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় পৌর এলাকার রেলঘুমটি সংলগ্ন স্বজনপুকুর গ্রামের রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।
নিহত শিফাত আহম্মেদ শিশির উপজেলার কাজীহাল ইউনিয়নের আঁখিঘোটনা গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কাজীহাল ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাশের সাথে থাকা ব্যাগে জাতীয় পরিচয়পত্র পেয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিফাত আহম্মেদ শিশিরের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।
জানতে চাইলে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম বলেন, বাম পা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এটি ট্রেনে কাটা কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। সেজন্য সঠিক তথ্য নিশ্চিত হতে লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।