কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালুবোঝাই ট্রাক্টর চাপায় এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলা সদরের ব্র্যাকমোড় থেকে শেখ হাসিনা ধরলা সেতু সড়কের পানিমাছকুটি কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মেরাজ হোসেন (৪)। সে ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আছিয়ার এলাকার স্বপন মিয়ার ট্রাক্টর ধরলা নদীর চর থেকে বালুবোঝাই করে ফুলবাড়ী সদরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি কাশিয়াবাড়ী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু মেরাজকে চাপা দেয়। ট্রাক্টরচাপায় গুরুতর আহত হয় শিশু মেরাজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টর চালক পলাতক রয়েছে। ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে।



